জেলা ও দায়রা জজ
মো: এনায়েত কবির সরকার
সিনিয়র জেলা ও দায়রা জজ
জেলা ও দায়রা জজ আদালত, কুষ্টিয়া।
জনাব মো: এনায়েত কবির সরকার, জেলা ও দায়রা জজ হিসেবে গত ০৫.১১.২০২৪ খ্রি. তারিখে অত্র জেলায় যোগদান করেন। তিনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২২তম বিসিএস (বিচার) ক্যাডারের কর্মকর্তা। তিনি বাংলাদেশ বিচার বিভাগে ২2 বছরেরও অধিক সময় ধরে বিচারিক দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান) ও এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সন্ত্রাসবিরোধী মামলা বিষয়ে এমফিল গবেষণারত আছেন। তার নিজ জেলা বগুড়া। ইতঃপূর্বে তিনি বিভিন্ন জেলায় সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত মহানগর দায়রা জজ, বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে কর্মরত ছিলেন। তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ, পাবনা ও বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মৌলভীবাজারে কর্মরত ছিলেন। বিচারিক জীবনে তিনি বিশেষভাবে ফৌজদারি বিচার, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের মামলা, আইনগত গবেষণা, সাক্ষ্য বিশ্লেষণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আদালত ব্যবস্থাপনা, বিচারিক কার্যক্রম ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর বিচারিক সেবা প্রদান করে আসছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে বিচার প্রশাসন, মামলা ব্যবস্থাপনা, সন্ত্রাসবিরোধী আইন, তদন্ত ও বিচার পদ্ধতি বিষয়ে ভারত, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ উল্লেখযোগ্য। এছাড়া তিনি OPDAT, JATI, BPAT‘সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সন্ত্রাসবিরোধী মামলা সংক্রান্ত চার্জশিট, তদন্ত ও বিচার প্রক্রিয়া বিষয়ে বিভিন্ন কর্মশালা পরিচালনা করেছেন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, আইনজীবী ও আইন শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সন্ত্রাসবিরোধী মামলার বিষয়ে মক ট্রায়াল ও একাডেমিক সেশন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে। তার পেশাগত সম্পৃক্ততার মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং Commonwealth Magistrates' and Judges' Association-এর সদস্যপদ রয়েছে। তিনি আইন বিষয়ক প্রকাশনাতেও অবদান রেখেছেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে “President Border Guard Medal of Service (PBGMS)” জাতীয় পুরস্কার লাভ অন্যতম। তার বিশেষ আগ্রহের ক্ষেত্র হলো সন্ত্রাসবিরোধী আইন, মানিলন্ডারিং আইন, সাক্ষ্য আইন, বিচারিক পদ্ধতি ও তদন্ত প্রক্রিয়া। সামগ্রিকভাবে, তিনি দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন বিচারক, যিনি বিচারিক দক্ষতা, আইনগত গবেষণা, প্রশিক্ষণ প্রদান এবং সন্ত্রাসবিরোধী বিচার ব্যবস্থায় বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন।